২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার। বুধবার বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, ১৯৭১ সালে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বীর মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পড়েছিলেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ছিল মুক্তিযুদ্ধের মূল ভিত্তি।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্তি পেয়েছে। মানুষ এখন ভয়ভীতিহীন পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা চায়।

বিবৃতিতে তিনি উদ্বেগের সাথে উল্লেখ করেন যে, রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং গণভোটে প্রায় ৭০% নাগরিকের 'হ্যাঁ' ভোট পাওয়া সত্ত্বেও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সরকারের মাঝে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, এই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না।

তিনি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সকল শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান।

​বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ-বিগ্রহ ও মানবিক সংকটের কথা উল্লেখ করে মাওলানা জব্বার বলেন, "সারা দুনিয়া এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই কঠিন সময়ে আমি মহান আল্লাহর কাছে আমাদের প্রিয় জন্মভূমির সুখ, সমৃদ্ধি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজত কামনা করছি।"